নাগরিক রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, ত্রাণ চোরদের শাস্তি প্রদান, শেবাচিম হাসপাতালে ২০০ ভেন্টিলেটর স্থাপনসহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। এসব দাবীতে শনিবার শারীরিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীতে ব্যতিক্রমী বিক্ষোভ করেছে দলটির নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এছাড়াও ওয়ার্ডভিত্তিক ত্রাণ সরবরাহ, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিই এবং আবাসন-পরিবহন সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, পরিচ্ছন্নতা কর্মীসহ করোনা দূর্যোগ মোকাবেলার সাথে সংশ্লিষ্ট সকলের ঝুঁকিভাতা নিশ্চিত করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বছরের সকল ফি মওকুফ করা, প্রতি মণ ১২০০ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এবং সকল কৃষি ঋণ মওকুফ করা, বকেয়া বেতনসহ সকল প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের মাসের বেতন পরিশোধ করাসহ বেশ কিছু দাবী তুলে ধরা হয়েছে।
শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপত্তা পোষাক পরে নগীরতে দাবি সম্বলিত প্লাকার্ড হাতে প্রতীকি মিছিল ও সমাবেশ করে দলটির নেতৃবৃন্দ। বাসদ বরিশাল জেলা শাখার আহŸায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মনীষা মনীষা চক্রবর্ত্তীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাসদের সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।
বাসদ আহŸায়ক ইমরান হাবিব রুমন বলেন, প্রতিদিনই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসনকে জানানোর পরও বাজার নিয়ন্ত্রণে কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আবার অপর্যাপ্ত ত্রাণ প্রদানেও স্বজনপ্রীতি এবং দলীয়করণ করা হচ্ছে। অবিলম্বে করোনা দূর্যোগ মোকাবেলায় সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনের দাবিও জানান তিনি।
সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, প্রতিদিনই করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। তাই বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু করেই এই সংকট মোকাবেলার পাশাপাশি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন করার জরুরী।
২০২০-০৪-১৮
