মাদকবিরোধী অভিযান: গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব কারাগারে

Spread the love

নাগরিক রিপোর্ট
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহতাবকে রোববার কারাগারে প্রেরন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার সহ পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা হয়েছে। আটক গোলাম মাহতাব মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ড ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত গোলাম মাহতাবকে রোববার বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

এব্যাপারে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, তিনি শুনেছেন মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। দল মাদক সেবন-বিক্রি বা সেল্টার কোনোটিকেই প্রশ্রয় দেয় না। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।