এমপি কেরামত আলীর স্ত্রী, মাশরাফির নানা করোনায় আক্রান্ত

Spread the love

নাগরিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সহ-ধর্মীনী রেবেকা সুলতানা সাজু (৫০)।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল আমিন বিশ্বাস। এমপির স্ত্রী বর্তমান ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এমপির মেয়ে কানিজ ফাতেমা চৈতি বলেন, আমার আম্মু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ কয়েক দিন ধরে সমস্যাটি বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল আম্মুর শরীরে করোনার পজেটিভ রিপোর্ট এসেছে।

এ সময় তিনি আরও বলেন, আম্মু বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। ডাক্তাররা অত্যন্ত আন্তরিক। আল্লাহ্-তায়ালার রহমতে আম্মু সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নানা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি।

তিনি বলেন, ‘আমার নানা মাসুদ আহম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে গায়ে জ্বর আছে ওনার।’

মাশরাফির নানা মাসুদ আহম্মেদের পরিবার ঢাকায় থাকে। করোনাভাইরাসে সৃষ্ট অবস্থার কারণে পরিবারের সবাই তাকে ঢাকায় ফেরার অনুরোধ করলেও তিনি সেটা করেননি। সঙ্কটময় এই অবস্থায় হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় মাঠে থেকে কাজ করে যাচ্ছেন মাশরাফি। সরকারি ও নিজ অর্থায়নে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। করোনার কারণে স্থবিরতা নেমে আসায় কয়েকদিনের মধ্যেই কর্মহীন হয়ে পড়েন নড়াইলের রিকশা-ভ্যানচালক, রাস্তার পাশের চা বিক্রেতা, হকাররা। সবার আগে এসব মানুষের পাশে গিয়ে দাঁড়ান মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *