নাগরিক রিপোর্ট: বরিশালে একটি হাসপাতালে লিফটের নিচ থেকে বার্ন ও প্লাষ্টিক সার্জারী চিকিৎসক ডা. এম. এ আজাদ সজলের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে নগরীর কালিবাড়ি সড়কে মমতা স্পেশালাইজড হসপিটালের লিফটের নিচে তার লাশ পাওয়া যায়। গত সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিঁখোজ ছিলেন। তার মৃত্যুর সঠিক কারন এখনও জানা যায়নি। চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডা. এম.এ আজাদ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) বার্ণ ও প্লাষ্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান। তিনি মমতা ক্লিনিক ভবনের ৭ তলায় একটি ইউনিটে একা বাস করতেন।
মমতা ক্লিনিকের ব্রাদার মো. মিজান জানান, ডা. আজাদের পরিবার ঢাকায় থাকেন। তিনি ওই ভবনের ৭ম তলার একটি ফ্লোরে একা থাকতেন। তার মোবাইল সেটসহ ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী রুমের মধ্যেই রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, সোমবার ইফতারের পর স্বজনদের সঙ্গে চিকিৎসকের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তিনি নিঁখোজ ছিলেন। মঙ্গলবার সকালে তার নিঁখোজ থাকার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
২০২০-০৪-২৮
