নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে কিশোর গ্যাংদের ধরতে মাঠে নেমেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিনোদন স্পটগুলোতে এদের অপতৎপরতায় বিপাকে পড়ছেন প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে সাধারন নারী-পুরষ। শনিবার রাতে এমন একদল কিশোর গ্যাংকে পাকড়াও করেছে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা কর্মকর্তারা। এসময় উগ্র এক কিশোরের চুল কেটে দেয় পুলিশ। রোববার ভিডিও’র মাধ্যমে এ তথ্য প্রকাশ করে পুলিশ দাবী করেছে- কিশোর গ্যাং নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত রয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ডিবির এসআই মহিউদ্দিন মাহি রোববার বিকেলে বলেন, শনিবার রাতে বরিশাল নগরীর আমতলা পানির ট্যাংকির লেকের পাড়ে ১০ থেকে ১৫ জন কিশোর আড্ডা দিয়ে হই হুল্লোর করছিল। তাদের অপতৎপরতায় লেকে হাটতে ও ব্যায়াম করতে আসা বিভিন্ন বয়সী নারী ও পুরুষের মাঝে চরম বিরক্তিকর পরিবেশ তৈরি হয়।
এসআই মহিউদ্দিন বলেন, বিষয়টি তার দৃষ্টিগোচর হলে কিশোরদের পাকড়াও করেন। তাদের নেতৃত্ব দেয়া এক কিশোরকে (১২) পার্শ্ববর্তী সেলুনে নিয়ে উগ্রভাবে চুল রাখায় তা কেটে দেয়া হয়েছে। তিনি বলেন, ওই কিশোর উগ্রভাবে চুল রঙ করেছে, কানে দুল পড়েছে, শরীরে উল্কা একেছে। কিশোর হওয়ায় তাদের সকলকে পড়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
ডিবির এসআই মহিউদ্দিন বলেন, নগরীর বেশ কয়েকটি স্পটে কিশোর গ্যাং তৎপর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, পানির ট্যাংক এর লেক। ওই সব স্থানে আড্ডার নামে নানা ধনের অপরাধে জড়িয়ে যাচ্ছে কিশোররা। এসব স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

