গৃহবধুকে রাতভর আটকে রাখায় আত্নহত্যার চেস্টা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে এক গৃহবধুকে (১৭) সারারাত আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনার পর স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। লোকলজ্জায় ওই গৃহবধু সোমবার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। সে বর্তমানে অচেতন অবস্থায় হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।


সোমবার সন্ধ্যার পর এ ঘটনা জানাজানি হলে পুলিশ তৎপর হয়ে উঠে। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান, অচেতন অবস্থায় ওই গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।


গৃহবধুর ভগ্নিপতি আবু বকর অভিযোগ করেন, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাসিন্দা ওই গৃহবধুকে একই এলাকার নাজমুল, বাবু ও রাজিব রোববার দিবাগত গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধুকে আটকে রাখে। গতকাল সোমবার স্থানীয় ইউপি সদস্য পরান ভুইয়ার উপস্থিতিতে ওই গৃহবধুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনার পর পরই গৃহবধু বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্ত ওই গৃহবধু গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার সন্ধ্যায় তাকে পাশ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


কাজীরহাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, তিনমাস আগে গৃহবধুর বিয়ে হয়েছে। ভগ্নিপতি আবু বক্করের বক্তব্যের বরাত দিয়ে সাজ্জাদ হোসেন বলেন, রোববার দিবাগত রাতে ওই গৃহবধু এক যুবকের সঙ্গে দেখা করতে প্রতিবেশী রাজীবের ঘরে যায়। তখন স্থানীয় ফারুক ভূইয়া বাইরে থেকে দরজা আটকে দেয়। সকালে গৃহবধুকে ছেড়ে দেয়া হয়।


এ ঘটনায় গৃহবধুর পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহ রাজ হায়াত বলেন, গৃহবধু শঙ্কামুক্ত। তবে তিনি কথা বলতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *