নাগরিক রিপোর্ট: মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় বরিশাল বিভাগে আইন অমান্য করে নদীতে নামায় ১ হাজার ৬৮জনের জেল হয়েছে। ওই সময়ের মধ্যে সাড়ে ৯ মেট্রিক টন মা ইলিশ উদ্ধার হয়েছে। মৎস্য অধিদপ্তর এবার কঠোর অভিযান দাবী করলেও সব সুচকে গত বছরের চেয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের উদ্যোগ নি¤œগামী ছিল।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বে থাকা সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, নিষেধাজ্ঞার ২২ তম দিনের বিভাগের ৬ জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ৯৯৮টি। এ সময়ের মধ্যে অভিযান হয়েছে ২৪৫৪টি। তিনি বলেন, নিষেধাজ্ঞাকালে মা ইলিশ উদ্ধার হয়েছে ৯.৬ মেট্রিক টন। বিভাগে মামলা হয়েছে ১ হাজার ১৮৮টি। আইন অমান্য করায় অর্থদন্ড করা হয়েছে ১৭ লাখ টাকা। বিশেষ করে এবার বিভাগের ৬ জেলায় নিষেধাজ্ঞা লংঘনকারী ১ হাজার ৬৮জন দুস্কৃতকারীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় জেল হয়েছে সবচেয়ে বেশি ৬০৯জনের। সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, এবার গতবছরের চেয়ে নিষেধাজ্ঞা কঠোভাবে বাস্তবায়িত হয়েছে।
তবে বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিচুর রহমান বলেন, গতবছর (২০১৯) নিষেধাজ্ঞাকালে বিভাগে মোট জেল দেয়া হয় ১,৪৪৭জনকে। যা এবছরের চেয়ে ৩৭৯জন বেশি। একইভাবে এবছরের চেয়ে গত বছর মামলা বেশি হয়েছে। যার সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭টি। একইভাবে গতবছর মা ইলিশ উদ্ধার হয়েছে ১৯টন, জরিমানা করা হয় ৪৪ লাখ টাকা। অভিযান পরিচালিত হয় ২ হাজার ৫৩৮টি এবং মোবাইল কোর্ট ১ হাজার ৭১টি।
উপ পরিচালক আনিচুর বলেন, এবছর জেল জরিমানা কম হলেও সচেতনতা ছিল বেশি। তাছাড়া দায়িত্বপ্রাপ্তরা জেল দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। অভিযানে বাধা ছিল ব্যাপক।
