নাগরিক রিপোর্ট: র্যাব-৮ এর অভিযানে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য মো: নীরব হাসান রুবেল (২৭) গ্রেফতার হয়েছে। সে ফরিদপুরের সদরপুর থানার দেলোয়ার শেখের পুত্র। সোমবার সন্ধ্যায় র্যাব-৮ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে জেএমবি সদস্য রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। রুবেল আরও জানায় সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল সহ বিভিন্ন স্থানে গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তার বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়াও গেছে। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মো: নীরব হাসান রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
