নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজলো সংলগ্ন মেঘনা নদীতে জেঁগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার দায়ে ১৪জনকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড দেন। শুক্রবার দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরন করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেঁগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বানিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কেটে নিচ্ছিল একদল লোক। খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় হিজলা উপজেলা নির্বাহী বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মাটি কাটার ১৪জন শ্রমিক-কর্মচারীকে আটক করেন তারা। আটককৃতরা সরকারি চরের মাটি কেটে নেয়ার কথা স্বীকার করেন। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক আটক ১৪জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন।
