নাগরিক রিপোর্ট: জনপ্রতিধিদের দায়িত্ব হচ্ছে সরকারের যেকোন কর্মসূচীর পক্ষে জনসচেতনতা তৈরী করা। করোনাভাইরাস সংক্রামন রোধে মাস্ক পরিধান করতে জনগণকে সচেতন করার দায়িত্বও তাদের। কিন্ত বরিশালের উজিরপুর উপজেলায় ঘটলো উল্টো ঘটনা। মাস্ক না পড়ায় ৫০০ টাকা জরিমানা দিলেন উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার।
রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে তাকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস। একই সময়ে সেখানে বরাকোঠা ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াসিন রাঢ়ীকে ১ হাজার টাকা এবং মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহকে ৫০০ টাকা জরিমান করা হয়েছে। তারাও মাস্ক না পড়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছিলেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস রবিবার উপজেলা পরিষদ ও উপজেলার ব্যবসায়িক কেন্দ্র ইচলাদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাস্ক না পড়ায় ১২ জনের কাছ থেকে মোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের কেউ দাবী করেন, মাস্ক আনতে ভুলে গেছে। আবার কারও মাস্ক ছিল পকেটে কিম্বা থুতনির নিচে।
