নাগরিক রিপোর্ট: নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার শিগগিরই বরিশালে যোগদান করতে যাচ্ছেন। বৃহস্পতিবার রাস্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব শেখ রাসেল হাসান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
জানতে চাইলে বৃহস্পতিবার রাতে বরিশালের নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ডেইলি নাগরিক কে বলেন, মন্ত্রনালয়ের আদেশের অপেক্ষায় আছেন তিনি। নির্দেশনা অনুযায়ী নতুন কর্মস্থল বরিশালে যোগদান করবেন। তার জন্মস্থান নোয়াখালী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাজীবন পার করেছেন। বরিশালের মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করবেন- এমনটাই জানিয়েছেন নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
প্রসঙ্গত, বরিশালের নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাভারের এডিসি হিসেবে কর্মরত ছিলেন।
