নাগরিক ডেস্ক: বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রপচারের শিকার হয়েছেন মো. মানিক মিয়া নামক এক চিকিৎসক। হার্ণিয়ার জন্য তার পুরুষাঙ্গের বাম পাশে অস্ত্রপচার করার কথা থাকলেও চিকিৎসক ভূলে ডান পাশে অস্ত্রপচার করেছেন। মানিক মিয়ার সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার চেয়ে সোমবার দুপুরে বরিশাল কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ রোগীকে বিনামূল্যে পূনরায় অপারেশন করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
ভুল চিকিৎসার শিকার মো: মানিক মিয়া (৪৪) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ফিডার হিসেবে কর্মরত।
মো. মানিক মিয়া জানান, পুরুষাঙ্গের গোরালীতে সমস্যা নিয়ে গত ২২ নভেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন ডা. এমএস রহমান সুমনকে দেখান তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডা. এমএস রহমান সুমন রোগীকে জানান তার বাম পাশে হার্নিয়া হয়েছে। ব্যবস্থাপত্রেও তিনি তার বাম পাশে হার্নিয়ার কথা উল্লেখ করেন। গত ১৭ ডিসেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালে সার্জন ডা. এমএস রহমান সুমন রোগী মানিকের হার্নিয়া অপারেশন করেন। পরদিন সকালে জ্ঞান ফেরার পর রোগী বুঝতে পারেন তার পুরুষাঙ্গের ডান পাশে অপারেশন করা হয়েছে।
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা অপারেশন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনার বিচার চেয়ে সোমবার বেলা ১টার দিকে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন ভ‚ক্তভোগী মানিক মিয়া।
এ ব্যাপারে বক্তব্য জানার চেস্টা করা হলেও অভিযুক্ত চিকিৎসক ডা. এমএস রহমান সুমনকে ইসলামী ব্যাংক হাসপাতালে পাওয়া যায়নি।
রোগীর ভুল অপারেশনের কথা স্বীকার করেছেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. মো. ইশতিয়াক হোসেন। তিনি বলেন, রোগীকে বিনা খরচে তার বাম পাশের হার্নিয়া অপারেশন করে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসককে ইসলামী ব্যাংক হাসপাতালের অপারেশন কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলে তিনি জানান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, রোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
