সারাদেশে ৭ ফেব্রুয়ারি টিকাদান

Spread the love

নাগরিক ডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। আর এসময় ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কোভিড মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হব। কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪ টি হাসপাতালে টিকাদান শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। তবে ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরুপ প্রচার চালায় তারা কোনভাবেই দেশের মঙ্গল চায় না।’

টিকা নিবন্ধনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্ধোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *