অছাত্র-বিবাহিতদের বিএম কলেজ ছাত্রদলে পদায়ন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিএম কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে আছাত্র, কর্মজীবী ও বিবাহিতদের পদায়ন করা হয়েছে, এমন অভিযোগ করে কমিটি পূনর্গঠনের দাবী করেছেন কলেজ শাখা ছাত্রদলের কর্মীরা। সোমবার তারা এ দাবীতে নগরীর সদর রোড বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। পদবঞ্চিতদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিএম কলেজ শাখা যুগ্ন আহবায়ক মো. ইলিয়াস হোসেন তালুকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়- নবগঠিত কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম বাবু বিএম কলেজের ছাত্র নন। তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষে বিএম কলেজে ভর্তি হলেও ২০১৪ সালের পর তাকে ক্যাম্পাসে দেখা যায়নি। বাবু বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে প্রার্থী ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কলেজ শাখার সদস্য সচিব সজিব তালুকদার একাডেমিক অনুযায়ী যুগ্ন আহবায়কদের চেয়ে জুনিয়র। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

আন্দোলন সংগ্রামে অংশগ্রহন না করায় বিএম কলেজের আহবায়ক ও সদস্য সচিব এ পর্যন্ত কোন রাজনৈতিক মামলার আসামী হননি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
পদবঞ্চিত নেতারা আরও অভিযোগ করেন, ৪ নম্বর যুগ্ম আহবায়ক কাজী শফিউল বাশার আইএফআইসি ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখায় কর্মরত, ৬ নং যুগ্ম আহবায়ক ফেরদৌস আহাম্মেদ বিবাহিত ও সন্তানের জনক, ৯ নং যুগ্ম আহবায়ক রকিব হাওলাদার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে স্নাতকের নিয়মিত ছাত্র, ২নং যুগ্ম আহবায়ক শাহারিয়র জামান মিঠুন বরিশাল জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী হলেও বিএম কলেজ ক্যাম্পাসে তাকে কখনও দেখা যায়নি, ১৬ নং সদস্য রেজাউল করিম রেজা বিএম কলেজ ছাত্রদলের অপরিচিত মুখ। যোগ্যদের পদায়ন করে বিএম কলেজ ছাত্রদলের কমিটি পূণর্গঠনের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে করা অভিযোগ প্রসঙ্গে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি বলেন, কাংক্ষিত পদ না পেয়ে ছাত্রদলের কিছু নেতা বিভিন্ন কলেজে ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তবে নগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে ঘোষিত অধিকাংশ কমিটির পদ নিয়ে অভিযোগ উঠেছে। পলিটেকনিক ছাত্রদলও এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। তবে এ বিষয়টি যাচাইবাছাইয়ের এখতিয়ার কেন্দ্রীয় ছাত্রদলের।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী বরিশাল সরকারি বিএম কলেজ, পলিটেকনিক ইনষ্টিউটসহ বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও উপজেলা শাখা ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে জেলা ও মহানগর ছাত্রদল। অবশ্য এর পর থেকেই নানা অভিযোগ উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *