নাগরিক রিপোর্ট:
প্রথম ধাপেই প্রাণঘাতী করোনার টিকা নিতে পারেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র সাদিক এমন ইঙ্গিত দিয়ে বলেন, ইতোমধ্যে বরিশাল নগরীর জন্য ১০ হাজার টিকা এসে পৌছেছে।
বিসিসির এনএক্স ভবনে সংবাদ সম্মেলনে মেয়র সাদিক বলেন, নগরীতে ১৭টি করোনার টিকা প্রদানের বুথ থাকবে। এর মধ্যে শেরে বাংলা মেডিকেলে (শেবাচিম) ৮টি, জেনারেল হাসপাতালে ৮টি এবং পুলিশ হাসপাতালে ১টি।
আগামী ৭ ফেব্রয়ারী সকাল ১০টায় শেবাচিম হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রথম ধাপে সম্মুখযোদ্ধা ডাক্তার, নার্স, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ স্বাস্থ্যমন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাটাগেরীর ব্যক্তিরা টিকা পাবেন।
টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন কাকে দিয়ে শুরু হতে পারে এবং তিনি কোন পর্যায়ে আছেন এমন প্রশ্নের জবাবে মেয়র সাদিক বলেন, চিকিৎসক পিযুষ কান্তি দাসকে টিকা প্রদান করে এর উদ্বোধন করা হবে। সবার মত তিনিও (মেয়র) টিকা গ্রহনের জন্য নিবন্ধনের প্রথম তালিকায়ই রয়েছেন। তার ধারনা নিবন্ধন অনুযায়ী তিনিও প্রথম ধাপেই করোনার টিকা নিবেন।
মেয়র সাংবাদিকদের বলেন, করোনার টিকা নিয়ে আতংকের কিছুই নেই। নিবন্ধন অনুযায়ী সাধারন নাগরিকরাও এই ১০ হাজার এর মধ্যে টিকা পেতে পারেন। তিনি গনমাধ্যমকে বিভ্রান্তি ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, দেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অপপ্রচার চলছে।
সংবাদ সম্মেলন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন, বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
