নাগরিক ডেস্ক: ‘বাংলাদেশে কোথায় দুর্নীতি হয় না?’, সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এই প্রশ্ন করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে কোথায় দুর্নীতি হয় না? এটা অ্যাডিকশনের (আসক্তি) মতো হয়েছে। চুরি বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি কোথাও শোনেন মন্ত্রী চুরি করেন, তাহলে আপনারা প্রশ্ন করেন।’
গড়াই খননে অনিয়ম দুর্নীতি হয়—এক সাংবাদিক এমন প্রশ্ন করলে জবাবে মন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জনগণের টাকাতেই তো সরকার চলে। জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব সরকারের। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এই গড়াই খননকাজ সরেজমিন দেখতে এসেছি। আপনারা যদি আগেই দোষ খোঁজেন, তাহলে কোথায় যাব?’
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে পজিটিভ (ইতিবাচক) রিপোর্ট দেবেন। পজিটিভ রিপোর্ট করলে দেশ এগিয়ে যাবে। নেগেটিভ রিপোর্ট দিয়ে কাজে উৎসাহ হারিয়ে দিলে কীভাবে কাজ করব?’ এ সময় পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রায় ৬২৯ কোটি টাকা ব্যয়ে গড়াই খনন প্রকল্পের কাজ চলছে। ২০১৮ সালের অক্টোবর মাস থেকে কাজ শুরু হয়েছে। ২০২২ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। গড়াইয়ে ৪৩ কিলোমিটার দীর্ঘ খনন হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হবে। (সুত্র: আমাদের সময়)
