নাগরিক রিপোর্ট:
বরিশালের নবনির্বাচিত ৭জন পৌর মেয়র এবং কাউন্সিলররা সোমবার শপথ গ্রহন করেছেন। নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। শপথ গ্রহনকারীরা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিজয় লাভ করেন।
শপথগ্রহনকারী পৌর মেয়র হচ্ছেন যথাক্রমে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের কামাল উদ্দিন খান, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, পিরোজপুর জেলার স্বরূপকাঠীর মেয়র গোলাম কবির, বরগুনার মেয়র কামরুল আহসান মহারাজ, পাথরঘাটার মেয়র আনোয়ার হোসেন, দ্বীপ জেলা ভোলার দৌলতখানের মেয়র জাকির হোসেন এবং বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এর পরপরই ৭ পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
শপথগ্রহনকালে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিতদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি সরকারি বিধিবিধান মেনে জনগণের পাশে থাকার আহবান জানান বিজয়ীদের।
শপথগ্রহন শেষে ফের নির্বাচিত বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান এবং গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ বলেন, তারা বর্তমান সরকারের উন্নয়ন কাজ এগিয়ে নিতে কাজ করবেন। জনগনের সেবা করা এবং রাস্ট্রের স্বার্থে নিয়োজিক করবেন নিজেদের।
শপথগ্রহনকালে বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাদের সমর্থকদের পদচারনায় মুখোর হয়ে ওঠে।
