বরিশাল বিএনপিতে তিন সিনিয়র নেতার সঙ্গে সাবেক ছাত্রনেতাদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন

Spread the love

নাগরিক ডেস্ক : বরিশাল মহানগর বিএনপির সিনিয়র তিন নেতার সঙ্গে সাবেক ছাত্রদল নেতাদের একটি বৈঠক নিয়ে নানামুখী গুঞ্জন চলছে। সভার ছবিটি গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা হয়। নব্বই দশকের এ ছাত্রদল নেতারা বরিশাল বিএনপিতে গত তিনদশক যাবত একছত্র আধিপত্যবিস্তারকারী নেতা কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বিরোধী হিসাবে পরিচিত। সরোয়ারের আধিপত্য খর্ব করতে তারা একাট্রা হয়ে গত একবছর যাবত নানামুখী তৎপরতা চালাচ্ছেন।
বৈঠকে অংশনেয়া বিএনপি’র তিন সিনিয়র নেতাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক ও সহ সভাপতি মনিরুল আহসান দীর্ঘদিন যাবত সরোয়ারের আস্থাভাজন হিসাবে পরিচিত। অপরজন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও কয়েকবছর রাজনীতিতে নিস্ক্রীয়। সরোয়ার বিরোধী ছাত্রদল নেতাদের সঙ্গে বৈঠকে করায় তারাও সরোয়ার বিরোধী অবস্থান নিলেন কি-না তা নিয়েই গুঞ্জন চলছে।
বিএনপির ৩ নেতা ছাত্রদল নেতাদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। তবে কবে-কোথায় বৈঠক করেছেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে অস্বীকৃতি জানান তারা।
সুত্রগুলো জানিয়েছে, মনিরুল আহসান মনিরের নবগ্রাম রোডস্থ বাসায় সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মহানগরের সম্ভাব্য আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে নতুন নেতৃত্ব এনে মজিবর রহমান সরোয়ারের একক আধিপত্য খর্ব করার বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। তিন সিনিয়র নেতা ছাড়াও বিএনপির বিভিন্ন পদে থাকা আরও কয়েকজন সক্রিয় নেতা বৈঠকে অংশ নেন। তারাও আগে সরোয়ারের আস্থাভাজন হিসাবে পরিচিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে অংশনেয়া মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জমান ফারুক বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ বিএনপি কয়েকজন নেতা একটি বৈঠকে আমন্ত্রন জানালে তিনি সেখানে যোগ দেন। তারা অভিযোগ করেছেন, মজিবর রহমান রহমান সরোয়ার দলে কয়েকজনকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছেন। আরও অনেক বিষয় নিয়ে তারা কিছু ক্ষোভের কথা বলেছেন। অভিযোগগুলোর বেশীরভাগ সঠিক বলে জানান মনিরুজ্জামান ফারুক। তবে বৈঠকটি সরোয়ার বিরোধী নয় বলে দাবী করেন তিনি।
সভায় অংশগ্রহনকারী আরেক সহ সভাপতি মনিরুল আহসান মনির বলেন, ‘মহানগর বিএনপি এখন মোবাইলে এসএমএস দলে পরিনত হয়েছে। অযোগ্যরা দলে গুরুত্বপূর্ন পদ পেয়েছেন। সকলে আহ্বায়ক কমিটি চেয়ে নতুন নেতৃত্ব দাবী করেছেন।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার বৈঠকে অংশ নেয়ার কথা স্বীকার করে এসব বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপরাগতা জানান।
সাবেক ছাত্রদল নেতৃত্বদানকারীদের অন্যতম হলেন বর্তমান মহানগর বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মেবুল। তিনি এ প্রসঙ্গে বলেন, মহানগর বিএনপি চলছে এক নেতার ইচ্ছায়। তার কাছে যোগ্যদের মূল্যায়ন নেই। দলে মূল্যায়িত হওয়ার জন্য সাবেক ছাত্রনেতারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। বিএনপির তিন সিনিয়র তিন নেতা সাবেক ছাত্র নেতাদের সঙ্গে সহমত জানিয়ে রাজনীতিতে আগামীতে একসঙ্গে পথচলার কথা বলেছেন।
সাবেক ছাত্রদল নেতাদের অভিযোগ প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বারবার বলে আসছেন, অভিযোগকারীরা দলের গুরুত্বপূর্ন পদে থেকেও কর্মসূচীতে অংশগ্রহন করেন না। কোন অভিযোগ নিয়ে তার কাছে আসেন না। তারা ভিন্ন কোন উদ্দেশ্যে নিয়ে এসব কার্যক্রম চালাচ্ছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *