পটুয়াখালীর সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে পরোয়ানা

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের সাবেক সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ টাকা বিভিন্ন প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখশানা পারভীন গতকাল রবিবার এই আদেশ দিয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজের জন্য ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এসময় দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শহীদুল আলম উচ্চ শিক্ষার জন্য ছুটিতে থাকায় পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলামকে সেখানকার আয়ন-ব্যায়ন কর্মকর্তা নিয়োগ করা হয়। বরাদ্দ টাকার ভ্যাট কর্তন বাদে ২৬ লাখ ৬৭ হাজার ৮৯৮ টাকার মধ্য থেকে তিনি শহরের ইনটেরিয়র ফার্নিচারের দোকানের নামে ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার হিসাবে তিনটি চেকের মাধ্যমে ১২ লাখ ৮০ হাজার ৫৯৬ টাকা জমা প্রদান করেন। সেখান থেকে কোন ফার্নিচার না কিনে দোকান কর্মচারীকে দিয়ে সিভিল সার্জনের নিজের নামের রংপুর সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড-এর হিসাবে ৩ লাখ ৬৬ হাজার ৫শ টাকা এবং তার ছেলে ডাঃ জাহিদুল ইসলামের নামে সিটি ব্যাংক সৈয়দপুর শাখার হিসাবে ৪ লাখ টাকা আরটিজি-এর মাধ্যমে ট্রান্সফার করে হিসাবে জমা করেন।

অবশিষ্ট ৪ লাখ ২১ হাজার ৯৫০ টাকা উক্ত ফার্নিচারের দোকানের কর্মচারী আলমগীর হোসেনের মাধ্যমে উত্তোলন করে নগদে গ্রহনকরে আত্মসাৎ করেন। এছাড়া, মোট টাকার অবশিষ্ট ১৩ লাখ ৮৭ হাজার ৩০২ টাকা পটুয়াখালী সিভিল সার্জন অফিসের নামের সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়ে নগদ উত্তোলন করে তা তিনি আত্মসাৎ করেন।

এই অভিযোগের অনুসন্ধানপূর্বক সত্যতা যাচাই সাপেক্ষে দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস পটুয়াখালী সদর থানায় ১৩.১১.২০১৮ইং তারিখে সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরবর্তীতে দুদকের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন এই মামলার তদন্তপূর্বক সত্যতা প্রমানিত হওয়ায় উক্ত আসামীর বিরুদ্ধে গত ১৬ ফেব্রæয়ারী তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখশানা পারভীন উল্লেখিত অভিযোগপত্র গ্রহনপূর্বক মামলা আমলে নিয়ে গতকাল ২১ মার্চ রবিবার মামলার আসামী পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *