কাল থেকে ঈদের ছুটি

Spread the love

নাগরিক ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি বুধবার থেকে শুরু হচ্ছে। সরকারি নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকবে চার দিন।

এ বছর ঈদুল ফিতরের একদিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। রোজা ৩০টি হলে শনিবারের সপ্তাহিক ছুটির দিনও ঈদের ছুটি থাকবে।

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত দেশে বিধিনিষেধ চলবে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, এবার ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না। এবার ছুটি তিন দিনই থাকছে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ফলে, আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। পবিত্র রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তবে পবিত্র ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে বৃহস্পতি ও শুক্রবারও ঈদের ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরও একদিন বাড়বে, সেক্ষেত্রে ১৫ মে শনিবারও ছুটি থাকবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে বাড়ি যাওয়ার জন্য হুড়োহুড়ি না করার আহ্বান জানিয়েছেন। তিনি মহামারি করোনার চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বলেছেন, একটা ঈদ বাড়িতে গিয়ে না করলে কী হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *