সংসদে বাজেট আলোচনা এক ধরনের ‘নাটক’- রেহমান সোবাহান

Spread the love

নাগরিক ডেস্ক : জাতীয় সংসদে বাজেট আলোচনাকে ‘নাটক’হিসেবে অভিহিত করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, বাজেট আলোচনা এক ধরনের নাটক। সংসদ সদস্যরা নিজেদের এলাকার প্রকল্প নিয়ে কথা বলেন। প্ল্যাকার্ড নিয়ে সাংসদ সংসদে কথা বলেন। বাজেট আলোচনায় একজন সাংসদের জন্য গড়ে ১০ মিনিট সময় দেয়া যথেষ্ট নয়।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অক্সফাম আয়োজিত যৌথ সংলাপে বৃহস্পতিবার অর্থনীতিবিদ রেহমান সোবহান এ কথা বলেন। অনলাইনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

রেহমান সোবহানের বক্তব্যের এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য রাশেদ খান মেনন ও আলী আশরাফকে প্রশ্ন করেন, তারা সংসদে বাজেট আলোচনায় কত মিনিট সময় পান? এ সময়ে রাশেদ খান মেনন জানান, ১০ মিনিটের মতো সময় পান। এ সময় রেহমান সোবহান বলেন, ‘সামাজিক সুরক্ষার আওতায় অভীষ্ট মানুষেরা বাদ পড়ে যাচ্ছে, অন্যরা ঢুকে পড়েছে। আর করোনাকালে নতুন গরিব বেড়েছে। নতুন গরিব ও পুরনো গরিব—এই দারিদ্র্যের পরিসংখ্যান এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করে।’

সংলাপে রাশেদ খান মেনন বলেন, ‘বাজেট নাটক কিনা, জানি না। একটি স্টেজ থাকে, সেখানে গিয়ে আমরা হাজির হই।’ বাজেট নিয়ে সংসদে আলোচনা অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আলোচনা করতে হয় বলেই করি। ১০ মিনিট সময় বরাদ্দ থাকলে কী হয়, একটি পয়েন্ট আলোচনা করতেই ১০ মিনিট চলে যায়।’তিনি উল্লেখ করেন, প্রান্তিক মানুষের কথা বাজেটে না এলে বাজেট অর্থহীন। বাজেট অনেকটা আমলানির্ভর হয়ে গেছে।’
সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য আলী আশরাফ বলেন, ‘তৃণমূলের সঙ্গে আলোচনা করেই বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত।’বাজেট আমলানির্ভর হয়ে গেলে তা ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শুভঙ্করের ফাঁকি আছে। এগুলো বরাদ্দের চেয়ে বেশি দেখানো হয়। যত টাকা পাওয়ার কথা, তা দেওয়া হয় না এবং প্রকৃত সুবিধাভোগীরা পান না।’

অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *