আবু ত্ব-হা ফিরেছেন : কোথায় ছিলেন জানার চেস্টা করছে পুলিশ

Spread the love

নাগরিক ডেস্ক : গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ইসলামি এই বক্তার দ্রুত সন্ধান করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবশেষে নিখোঁজের আট দিনের মাথায় রংপুর থেকে উদ্ধার করা হয় তাকে। তবে কে বা কারা তাকে তুলে নিয়েছে তা জানতে রংপুর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। আজ শুক্রবার রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিব বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা দুপুর দেড়টার দিকে জানতে পারি ত্ব-হা বাসায় ফিরেছেন। পরে আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি যে, তাকে কারা নিয়েছিল বা তিনি কোথায় ছিলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

ত্ব-হার নামে কোনো মামলা নেই জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘না, তার নামে কোনো মামলা নেই। তাকে কারা নিয়ে গিয়েছিল, তিনি কোথায় ছিলেন, এগুলো জানতেই আমরা তার সঙ্গে কথা বলছি।’
এর আগে দুপুরে নিখোঁজ ত্ব-হারকে উদ্ধারের কথা নিশ্চিত করেছেন তার স্ত্রীর বড় ভাই মো. আবু হানিফ। আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজন গত ১০ জুন রংপুর থেকে ঢাকার আসার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সাবিকুন্নাহার। স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুতি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *