সারাদেশ লকডাউনের সুপারিশ

Spread the love

নাগরিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার আজ বৃহস্পতিবার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগের দিন গতকাল বুধবার রাতে কমিটির সভায় এ ‘শাটডাউনের’ সুপারিশ করা হয়। বর্তমানে সারাদেশে বিধিনিষেধ চলছে, যা ১৫ জুলাই পর্যন্ত চলার কথা। এ ছাড়া করোনার বিস্তাররোধে ঢাকার আশপাশের সাতটি জেলায় কঠোর বিধিনিষেধ দিয়ে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।

এ অবস্থায় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, তাদের মতামত হলো যেসব স্থানে পূর্ণ শাটডাউন করা হয়েছে, সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে। এ জন্য সারা দেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে।
কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *