নাগরিক রিপোর্ট:
বরিশালে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটকের পর বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছেন জেলা প্রশাসন ও ব্যাব-৮ পরিচালিত ভ্রাম্যমান আদালত। রোববার পৃথক পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর এবং র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই তিন প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দালাল প্রতিরোধে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসে ৭ জন দালাল আটক করা হয়। এরমধ্যে ৬ জনকে একমাস করে কারাদন্ড এবং একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শেবাচিম হাসপাতালে ৫ জন দালাল আটক করা হয়।
এদের প্রত্যেককে একমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বরিশাল জেলা সদর হাসপাতালে ৫ জনকে আটক করা হয়। এরমধ্যে একজনকে একমাসের কারাদন্ড, আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজন ছাত্র বিধায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর বলেন, জেলা প্রশাসনের মাসিক সভায় হাসপাতাল ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে নগরবাসীর পক্ষ থেকে নাগরিক কমিটির নেতৃবৃন্দ দাবী তোলেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনজনকে বিশেষ বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
