সড়কে শৃংখলা ফেরাতে চায় প্রশাসন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জে তিন সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবী উঠেছে সর্বস্তরের মধ্য থেকে। বরিশাল থেকে বাকেরগঞ্জ হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক নিরাপদ চায় এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষাথীরাও। এ দাবীতে রোববার বাকেরগঞ্জে মহাসড়কের সামনে বিক্ষোভ করেছে ৫ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা সড়কে রক্তপাত বন্ধ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করনে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ এবং ঝুকি রোধের দাবী জানিয়েছে। এ অবস্থায় সড়কে শৃংখলা ফেরাতে কর্মপরিকল্পনা নির্ধারন, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রোববার নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থী মো: রাকিব, মিঠু জানান, মহাসড়কে আর রক্তপাত, প্রানহানী চান না। তারা জীবনের নিরাপত্তা চান, নিরাপদ সড়ক চান। বাকেরগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমান আজিম বলেন, তিনি নিরাপদ সড়ক চাই আন্দোনে বহু আগে থেকেই জনগনকে সচেতন করছেন। বরিশাল থেকে বাকেরগঞ্জ পর্যন্ত এ রুটটি আরও নিরাপদ করা দরকার। এজন্য প্রশাসনের যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি অভিভাবক, শিক্ষার্থী, যাত্রী, চালক সকলের সচেতন হতে হবে। কারন একটি দুর্ঘটনা সবার জন্য কান্না। তিনি এমন দুর্ঘটনাকে হত্যা বলে অবহিত করেছেন। নিহত ৩ সহপাঠীর বিদ্যাপিঠ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাওয়ার দাবী যৌক্তিক বলে মনে করেন।

জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, শিক্ষার্থীদের দাবীর প্রতি সম্মান জানিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে রোববার রাতে তিনি সভা ডেকেছেন। বিশেষ করে ভাড়ায় চালিত মোটরসাইকেল যাতে হাতবদল না হয় সে দিকে জোর দেয়া হবে বলে জানান ওসি মিলন।

এ প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদিপ্ত সরকার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করনে সমন্বিত উদ্যোগ দরকার। পুলিশ সদস্যও সড়কে মারা যাওয়ার ঘটনা রয়েছে। সে অনুযায়ী তারাও চান সড়ক নিরাপদ রাখতে। পুলিশের পক্ষ থেকে ে যানবাহনের চালকদের লাইসেন্স আছে কিনা, ট্রাফিক আইন মানছে কিনা তা তদারকি করার জন্য চেকপোস্ট বসিয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি অবশ্য বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেল কোনগুলো তা নিশ্চিত করা কঠিন। শিক্ষার্থীরা বিচার চাওয়ার ক্ষেত্রে লিখত দিলে পরবর্তী আইনী ব্যবস্থা নিবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত।

এব্যপারে বাকেরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় এ প্রসঙ্গে বলেন, বরিশাল থেকে বাকেরঞ্জ হয়ে পটুয়াখালী পর্যন্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে তারা উদ্যোগ নিবেন। পরবর্তী আইনশৃংখলা বিষয়ক সভায় শিক্ষার্থীদের এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত আলোচনা করা হবে। এ নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করার চিন্তা রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি এ রুটের সড়ক পথের অব্যাবস্থাপনা নিয়েও দাবী তুলে তবে সড়ক ও জনপথকে তাদের দাবী গুরুত্বের সহিত দেখার পরামর্শ দেয়া হবে। বিশেষ করে অবৈধ মোটরসাইকেল রোধে শিঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানান ইউএনও মাধবী রায়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বাকেরগঞ্জ থেকে একদল বন্ধু মোটরসাইকেলে ঘুরতে এসে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে বাস চাপায় দুর্ঘটনার কবলে পড়লে ৩ বন্ধু মো: রাব্বি, মো: সিয়াম ও চয়ন দাস মৃতবরন করেন। তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে এবং তারা জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *