নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য তথ্য ও সহায়তা বুথ খোলা হয়।
বেলা সাড়ে ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন। পরীক্ষা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার কাছে কেন্দ্র ব্যবস্থাপনা সংক্রান্ত সহায়তা চাওয়া হয়েছিলো। আমি সব ধরনের সহায়তার পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নিয়মে পরীক্ষা হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. খোরশেদ আলম বলেন, শুক্রবারের পরীক্ষায় ৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৭১৪ জন। অনুপস্থিতির সংখ্যা ৭১১ জন। উপস্থিতির হার ৭৯ দশমিক ২৪। আজ শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্¦বিদ্যালয়ের ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী রয়েছেন।
