নাগরিক রিপোর্ট:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম বলেছেন, জেনারেল হাসপাতালের সেবা নিয়ে বরিশালবাসীর সন্দেহ রয়েছে। এটা ঠিক ভাবে চলছে না।
পরিষ্কার পরিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তারের কমতি আছে। রোগীদের ঠিকমত চিকিৎসা দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বরিশাল জেনারেল হাসপাতাল একদমই নেগলেটেড হয়ে গেছে। এখানে যে চিকিৎসকবৃন্দ রয়েছে তাদের হয়তো পুরোনো বিল্ডিং এর উপর মায়া না থাকায় হাসপাতালটির এই অবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালে প্রতি সপ্তাহে মিটিং হওয়া দরকার, আমি চেষ্টা করবো এই হাসপাতাল যেন মানসম্মত হয়। এখান থেকে যাতে জনগন উপকৃত হয় এবং সঠিক সেবা পায় সেই ব্যবস্থা করবো।
সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন হায়দার, সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের আরএমও মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতাল ব্যবস্থা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
