ইতালি প্রতিনিধি:
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের পূর্বনির্ধারিত ৮ জানুয়ারিই দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিল উপলক্ষে ইউরোপ প্রবাসী আলোকিত মানুষদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে বলেও সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বকুল খান, সহ-সভাপতি আবু তাহির, জাহিদ মমিন চৌধুরি, ফেরদৌস করিম আখঞ্জী, আবুল কালাম মামুন, সোহেল চৌধুরী, হাসান মাহমুদ, শাওন আহমেদ, সৈয়দ জুয়েল, আফজাল হোসেন রোমানসহ আরও অনেকে।
বৈঠকে সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ এবং অন ইউরোপিন বাংলা প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়। সবাই বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আলোকিত মানুষ বিশেষ করে স্ব-স্ব ক্ষেত্রে সাফল্য অর্জন কারীদের নাম সাধারণ সম্পাদকের কাছে পাঠানো যাবে। সভায় আগামী সোমবার অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সভায় সংগঠনের সকল সদস্য-যারা নতুন আবেদন করেছেন এবং যাদের সদস্যপদ প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, তারাও অংশগ্রহণ করতে পারবেন। সাধারণ সভায় নির্বাহী পরিষদ অনুমোদিত গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন, নতুন সদস্যদের চূড়ান্ত অনুমোদন এবং সম্মেলনের বিস্তারিত নিয়ে আলোচনা হবে।
