নাগরিক রিপোর্ট:
বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বরিশাল সিটি করপোরেশরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৪) কারাগারে প্রেরন করেছে পুলিশ। গতকাল আদালতে তোলাকালে সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন কাউন্সিলর কালাম।।
তাকে শনিবার দুপুরে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এসময় কাউন্সিলরের সহযোগিরা সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেন।
কাউন্সিলর কালাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সারাজীবন আমি জেলে থাকমু না। বাইরাইয়া দেখমু আপনেগো বিষয়টা। যা করছেন হেয়া ভালো করেন নাই’। এদিকে সাংবাদিকরা আদালত প্রাঙ্গনে কালামের ছবি তোলায় কালামের সহযোগিরা সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়।
এর আগে শুক্রবার বিকেলে বিমানবন্দর থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন এক নারী। সন্ধায়ই পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। জমি দখল, চাঁদাবাজীসহ অনৈতিক নানা কর্মকান্ডের জন্য তিনি নগরীতে বিতর্কিত। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ ওঠে এবং ধর্ষন মামলা হয়েছিল তার বিরুদ্ধে।
