নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে গৃহনির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শণ করা হয়।
বিভাগীয় কমিশনার এসময় বলেন, আপনারা আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলবেন, যাতে আপনাদের ভবিষ্যৎ জীবন ভালো কাটে। আমরা আপনাদের জন্য ইতিমধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছি, ভবিষ্যতে আরও অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান সদর সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
মুজিববর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলায় প্রথম দফায় ১৫৭টি, দ্বিতীয় দফায় ১০০টি এবং তৃতীয় দফায় ৪০টি গৃহ নির্মাণ করা হবে। এর মধ্যে ২০৭টি গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় ৫০টি এবং তৃতীয় দফার ৪০ টি গৃহ নির্মাণ কাজ চলমান। শনিবার তা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
