নাগরিক ডেস্ক:
চলতি বছরের জুনের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে সেতুর মূল কাজ সম্পন্ন হয়েছে ৯৬ শতাংশ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯০ দশমিক ৫০ শতাংশ।
তিনি আজ মঙ্গলবার সকালে সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র অগ্রগতি ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছ।
ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে ৭৮ দশমিক ৫০ এবং বনানী থেকে মগবাজার অংশের অগ্রগতি ৩১ শতাংশ। তিনি এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, এয়ারপোর্ট-আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং অ্যাট-গ্রেডে চার লেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। এ ছাড়া টেস্ট পাইলিং কাজও সম্পন্ন হয়েছে।
