বৃহস্পতিবার ভোট : মেহেন্দিগঞ্জে দুই ইউপিতে উৎকন্ঠার প্রচার-প্রচারনা

Spread the love

নাগরিক রিপোর্ট : মাত্র ৩ দিনের জন্য নির্বাচনী আমেজ ফিরেছে মেহেন্দিগঞ্জ উপজেলার অশান্ত জনপদ উলানিয়াতে। নির্বাচন কমিশন দুটি ইউনিয়ন উত্তর ও দক্ষিণ উলানিয়ায় স্থগিত থাকা ভোট গ্রহনের দিন ধার্য্য করেছে আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী)। রোববার বিকালে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত জানার পরই দুটি ইউনিয়নে উৎকন্ঠার প্রচার প্রচার-প্রচারনা শুরু হয়েছে। গতকাল প্রচার প্রথম দিনই নৌকার দাপুটে প্রচারে আচরন বিধি লংঘনের অভিযোগ তুলেছেন দলের বিদ্রোহী দুই প্রার্থী।

নৌকার সমর্থক ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের লাগাতার সংঘর্ষের মুখে ২০২০ সালের ৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ উলানিয়ার নির্বাচন স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ভোট গ্রহনের ধার্য্য দিন ছিল ওই বছর ১০ ডিসেম্বর। নির্বাচন স্থগিত হলেও উলানিয়ায় দুইপক্ষের সহিংসতা থামেনি। এ পর্যন্ত নিহত হয়েছেন ৪ জন। মামলা-পাল্টা মামলায় উলানিয়ায় আওয়ামীলীগের সবস্তরের নেতাকর্মী হত্যা মামলার আসামী। আধিপত্য ধরে রাখতে মুখেুমুখি অবস্থানে আছেন দুইপক্ষই। এমন পরিস্থিতির মুখে আগামী বৃহস্পতিবার ভোট গ্রহনের দিন ধার্য্য হয়।

স্থানীয় সুত্রগুলো জানায়, মেহেন্দিগঞ্জের সন্তান ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম মুরাদসহ কেন্দ্রের কয়েকজন নেতা নিয়ে সোমবার সকালে লঞ্চে উলানিয়াতে ফেরেন নৌকা প্রতীকের দুই প্রার্থী উত্তর উলানিয়ার জামাল হোসেন মোল্লা ও দক্ষিণ উলানিয়ার মিলন চৌধুরী।

আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ মনির সোমবার বিকাল ৩টায়  বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতাদের সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে একাধিক পথসভা ও গণসংযোগ করছেন। মানুষ স্বতস্ফুর্তভাবে প্রচারে অংশ নিচ্ছে।

উত্তর উলানিয়ার বিদ্রোহী প্রার্থী মিঠু চৌধুরী অভিযোগ করেন, ১৩ মাস স্থগিত থাকার পর মাত্র ৩দিন সময় দিয়ে ভোট গ্রহনের সিদ্ধান্ত উদ্দেশ্যে প্রনেদিত। তিনি বলেন, উলানিয়ার ভোটারদের বড় অংশ পেশায় জেলে। তারা সাগরে মাছ ধরতে গেছেন। ফিরতে কমপক্ষে ১৫ সময় লাগবে।

স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের সমর্থক উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম ভুলু অভিযোগ করেন, গতকাল নৌকার প্রার্থীর পক্ষে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারে নামতে পারছেন না। পথসভার নামে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথকে নিয়ে অশ্রব্য ভাষায় সমালোচনা করা হয়।

অভিযোগ অস্বীকার করে উত্তরের চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন মোল্লা  বলেন, নির্বাচনী পথসভায় কোন বক্তা এমপি পংকজ নাথের নাম উল্লেখ করেননি। তবে আকারে-ইঙ্গিতে এমপি জুলুম-অত্যাচারের বর্ণনা করেছেন অনেক বক্তা। আচরন বিধি লংঘনের অভিযোগ অস্বীকার করেন জামাল মোল্লা।

উল্লেখ্য, দুই বিদ্রোহী প্রার্থী উত্তরে মিঠু চৌধুরী ও দক্ষিণে রুমা সরদার স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুসারী হিসাবে পরিচিত। নৌকার প্রার্থীর পক্ষে রয়েছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামীলীগ ও এমপি পংকজ নাথকে ঘিরে বরিশাল- ৪ মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *