শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

Spread the love

নাগরিক ডেস্ক : করোনা মহামারির কারণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে গত কয়েকদিনের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে, আশা করছি সেটা আর বাড়াতে হবে না।’

আজ শনিবার দুপুরে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।

তিনি বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।

এর আগে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তরুণেরা যাতে বৈশ্বিক সমস্যা নিয়ে অবগত থাকে। তাদের সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। নিজেদের এবং পরের প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী বিনির্মাণে কী পদক্ষেপ নিতে হবে, সেগুলো যেন তারা শেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *