তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সমালোচনা চাই। সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে, কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে। গণতন্ত্র ধূলিসাৎ হবে। বৃহস্পতিবার জাতীড প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তৃণমূল বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তৃনমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মাজমাদার, মহাসচিব ব্যারিস্টার আকবর আমিন বাবুল, বিএনএফ এর মহাসচিব মেজর অব হাবিবুর রহমান প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, গতকাল টিআইবি দশম সংসদ কার্যক্রমের ওপরে একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে যে তথ্য-উপাত্ত রয়েছে সেখানে অনেক ভুল রয়েছে এবং রিপোর্টটি একপেশে ও উদ্দেশ্যমূলক। আমরা অতীতেও দেখেছি টিআইবি উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করে। পদ্মা সেতু যখন শুরু করা হয়, তখন দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক তদন্ত করছিল আর টিআইবি বিশ্বব্যাংকের এক ধাপ ওপরে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। অথচ বিশ্ব ব্যাংক যে অভিযোগ করেছিল সেটি যে সর্বজনীন মিথ্যা বানোয়াট তা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। এরপর টিআইবির উচিৎ ছিল তাদের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া, কিন্তু তারা তা তারা করেনি।
২০১৯-০৮-৩০
