এমপির সামনে খাদ্য কর্মকর্তাকে কিলঘুষি ছাত্রলীগ সভাপতির

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুর উপজেলা খাদ্য বিভাগের গুদাম কর্মকর্তাকে কিলঘুষি ও লাঞ্ছিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী। বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলা পরিষদে একটি অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য মো. শাহ আলমকে বিদায় দেয়াকালে তার উপস্থিতিতে গুদাম কর্মকর্তা আব্দুস সালাম ছাত্রলীগ নেতার হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য বিভাগের ধান সংগ্রহ অভিযানে উপজেলার গুদামে ছত্রলীগ নেতা অসীম ঘরামি ধান সরবরাহ করেছেন- এ তথ্য সাংসদকে জানানোর অভিযোগে গুদাম কর্মকর্তার ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামি বলেছেন, ‘আমি খাদ্য গুদামে ধান সরবরাহ করিনি। তারপরও গুদাম কর্মকর্তা আব্দুস সালাম সাংসদ সদস্যকে মিথ্যা তথ্য দিয়েছেন। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করার সময় বাদানুমাবদ হয়েছে মাত্র’।
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের নীতিমালা থাকলেও তার উপজেলায় ধান সরবরাহ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দূর্গপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বুধবার দুপুরে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় সংসদ সদস্য মো. শাহ আলম গুদাম কর্মকর্তা আব্দুস সালামকে দেখে ধান ক্রয়ের খবর জানতে চান। মশিউর রহমান বলেন, গুদাম কর্মকর্তা সাংসদকে জানান, এবার নেতারাই ধান সরবরাহ করেছে। তখন সামনে উপস্থিত ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামিকে সাংসদ বলেন- ‘তুমি কতটুকু ধান দিয়েছে’। অসীম ঘরামি ধান সরবরাহের কথা অস্বীকার করেন। প্রতিউত্তরে গুদাম কর্মকর্তা সালাম বলেন, তিনি (অসীম) ৪৬ টন ধান দিয়েছেন। এ কারনে ক্ষিপ্ত হন অসীম ঘরামি। সাংসদ গাড়িতে ওঠাকালে অসীম অদুরে অপেক্ষামান গুদাম কর্মকর্তা সালামকে কিলঘুষি মারা শুরু করে। খাদ্য কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জনিয়েছেন।
লাঞ্ছিত গুদাম কর্মকর্তা আব্দুস সালামের বক্তব্য জানতে একাধিকবার কল দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। তবে খাদ্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ওই কর্মকর্তা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজন্য তিনিই ফোন বন্ধ রাখতে বলেছেন।
ঘটনাস্থলে উপস্থিত উজিরপুর পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছুটা দুরে ছিলাম। তাই সবকিছু দেখেনি’। এর বেশীকিছু বলতে তিনি অপরাগতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *