নাগরিক রিপোর্ট ॥ চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে মাসিক সভা বর্জন করেছেন বরিশাল জেলা পরিষদের বেশীরভাগ সদস্য। মঙ্গলবার পরিষদের নিয়মিত মাসিক সভার দিন ধার্য্য ছিল। ২০ জন সদস্যের মধ্যে কমপক্ষে ১৫ জন ওই সভায় অংশ নেননি বলে জানা গেছে। পরিষদের সদস্যরা দাবী করেছেন, জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি দুরীকরনসহ ১৯ দফা বাস্তবায়নের অংশ হিসেবে তারা সভা বর্জন করেছেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিক হার রহমান জানান, মঙ্গলবার নিয়মিত মাসিক সভায় ২০ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৫ থেকে ৬ জন সদস্য উপস্থিত হন। তাদের নিয়েই সভা করেছেন পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম। অন্য সদস্যদের সভায় না আসার কারন তিনি বলতে পারেননি। তিনি বলেন, দাপ্তরিক চিঠি ও মুঠোফোনে বার্তা দিয়ে সকল সদস্যকে সভায় অংশগ্রহনের আমন্ত্রন জানানো হয়েছিল।
পরিষদ সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহম্মেদ সভায় অংশ না নেয়ার কারন প্রসঙ্গে বলেন, চেয়ারমানের মইদুল ইসলামের স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে তারা কয়েকমাস আগে ১৯ দফার একটি দাবী পেশ করেছেন। এখন পর্যন্ত এ বিষয়গুলো চেয়ারম্যান নিস্পত্তি করেননি। এসব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা পরিষদের সভায় অংশ নেবেন না। একই কারন দেখান পরিষদের অপর সদস্য আইরিন রেজা।
পরিষদের অপর সদস্য মুনাওয়ারুল ইসলাম অলি বলেন, চেয়ারমান মইদুল ইসলাম জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। তার কাছে ১৯ দফা দাবী তুলে ধরা হলেও এসবের বিষয়ে কোন উদ্যোগ নেননি। যেকারনে মাসিক সভা বর্জন করেছে অধিকাংশ সদস্য।
উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সঙ্গে সদস্যদের সম্পর্কের টানপোড়েন চলছে প্রায় এক বছর। সদস্যদের অভিযোগ, তাদের দেয়া কোন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেন না চেয়ারম্যান। অপরদিকে চেয়ারম্যান নানান উন্নয়ন প্রকল্প দেখিয়ে জেলা পরিষদের টাকা আত্মসাত করছেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন চেয়ারম্যান মইদুল ইসলাম।
২০১৯-১০-১৬
