নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করা ১০ জেলেকে আটকের পর উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে মেহেন্দিগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হচ্ছেন সহকারী উপ পরিদর্শক দেলোয়ার হোসেন ও কনষ্টবল সুমন সিকদার।
শনিবার ওই দুজনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই দুজন পুলিশ সদস্য শুক্রবার ভোর ৫টার দিকে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার লালখাড়াবাদ এলাকায় যান। এসময় সেখানে নিষেধাজ্ঞা অমান্য নদীতে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করেন তারা। পরে ৬৫ হাজার টাকা ঘুষ নিয়ে জেলেদের ছেড়ে দিয়ে জাল ও ইলিশ নিয়ে ফিরে আসেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় ক্ষুদ্ধ জেলেরা পুলিশের বিচার চেয়ে শুক্রবার এলাকায় বিক্ষোভ করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনী নদীতে অভিযানে গেলে মৎস্য কর্মকর্তা সঙ্গে থাকা বাধ্যতামুলক। কিন্তু অভিযুক্ত পুলিশ সদস্যরা মৎস্য কর্মকর্তাকে না জানিয়ে মেঘনায় অভিযানে গিয়েছিলেন।##
২০১৯-১০-১৯
