পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বরিশালে বিক্ষোভ করেছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভের আয়োজন করা হলেও ইসলামী আন্দোলনের সব স্তরের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। বিকালে নগরীর অশ্বিনী কুমার হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে মিছিল শেষ হয়। বিক্ষোভকারীরা হিন্দুদের সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধ করার দাবী জানিয়ে শ্লোগান দেন।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী, বরিশাল মহানগরের উপদেষ্ট নাসির আহমেদ কাওছার, ওবাইদুর রহমান মাহবুব প্রমুখ।
ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি এস.এম ছাব্বির রহমান জানান, বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে ৩ ছাত্র আন্দোলনের কর্মী। আহতদের বেশীরভাগই ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সর্মথক। ছাব্বির আহম্মেদ জানান, ভোলায় আহতদের মধ্যে এ পর্যন্ত ২৮ জনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার যাবতীয় তদারকি করছেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভে বরিশাল মেডিকেলে আহতদের চিকিৎসায় রক্ত দেয়ার জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *