গেরিলা যোদ্ধা থেকে জননেতা খোকা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন ভয়ঙ্কর গেরিলা যোদ্ধা ছিলেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ ও জননেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র থাকাকালীন সময়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। পরে ১৯৭১ সালে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে লেখাপড়া বাদ দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
পরবর্তীতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও এরপর কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ও আদর্শে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দেন।
আমৃত্যু বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অবিচল থেকে বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে রাজধানীর রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খোকা। হয়ে উঠেন একজন গেরিলা যোদ্ধা থেকে সফল জননেতা। সাদেক হোসেন খোকা বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তার দল সরকার গঠন করলে প্রথমে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সরাসরি নির্বাচনে জয়লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন তিনি।
দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের পর পুনরায় বিএনপির ঢাকা মহানগরীর সভাপতি হিসাবে দায়িত্ব পান। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে কিডনি ক্যান্সার চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান সাদেক হোসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করেছেন এই নেতা। সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতি মামলা হয় এবং সাজাও দেয় আদালত।
ঢাকার মেয়র হয়ে তিনি রাজধানীর বিভিন্ন সড়ক ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করেন। রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিংয়ের ইজারা দুর্নীতির মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকাসহ ৪ জনের ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড হয়। গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন (সূত্রাপুর-কোতোয়ালি) থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকার ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *