খোকা চিরশায়িত হবেন মায়ের কবরে

Spread the love

মায়ের কবরেই শায়িত হচ্ছেন সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর গোপীবাগ, আর. কে. মিশন রোডের বাসায় খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, পরিবারে সিদ্ধান্ত ছিলো বাবা মায়ের কবরের পাশেই ওনাকে শায়িত করা হবে।কিন্তু মায়ের কবরের পাশে বা বাবার কররের পাশের কোন খালি জায়গা নেই।আর জায়গা পাওয়া গেছে অনেক দূরে। তাই পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয় মায়ের কবরেই তাকে শায়িত করা হবে।এছাড়া খোকা ভাইয়ের ইচ্ছে ছিলো মায়ের কবরেই যেনো তার করব হয়।

জুরাইন কবরস্থানের ২ নং গেইট দিয়ে ঢুকেতেই চোখে পরে গাছে টাঙানো খোকার ছবি।কাছে গিয়ে দেখা যায় এটি খোকার মা সালেহা বেগমের কবর।এর পূর্ব-দক্ষিণে কোনে প্রায় ২০ ফুট দূরত্বে রয়েছে বাবা এম এ করিমের কবর।

জুরাইন কবরস্থানের নিরাপত্তার দায়িত্বে থাকা আলতাফ হোসেন সরদার জানান, সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ওনার মায়ের কবরেই তাকে দাফন করা হবে।তাই এখানে তার ছবি টানানো হয়েছে।আগামী কাল সকাল ৭ টার থেকে আমরা কবর খননের কাজ শুরু করবো।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, মরদেহ নিয়ে দেশের পথে রওয়ানা করেছেন তার পরিবারের সদস্যরা।মরদেহ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌছার কথা রয়েছে।

সাদেক হোসেন খোকার লাশবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ২০২ নম্বর ফ্লাইটটি নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১.২০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০.২০ মিনিটে) দুবাইর পথে রওয়ানা হয়েছে।সেখান থেকে ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা দশ মিনিটে ঢাকায় পৌছাবে।

মরদেহের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইসরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে সেখানকার একটি হাসপাতালে মারা যান খোকা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) লাশ দেশে পৌছার পর বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । একইদিন মরহুমের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ১২ থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ যোহর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মরহুমের লাশ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে লাশ নিয়ে যাওয়া হবে। বাদ আছর মরহুমের বাসভবন থেকে লাশ ধুপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানের তার মায়ের কবরের দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *