নাগরিক রিপোর্ট ॥ দীর্ঘ দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিন (আরেফিন মতিন) এর যোগদানে বুধবার প্রান ফিরে আসে ক্যাম্পাসের। ছাত্র, শিক্ষকদের উপস্থিতিতে বিকেল থেকে সরব হয়ে ওঠে ববি। যদিও ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতিতে উত্তেজনা এর ছন্দপতন ঘটে। বিকেল পৌনে ৫টায় উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে বরন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা। যোগদানের প্রথমদিনই সাংবাদিকদের কাছে উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক ড. সাদেকুল তার কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ববি এখন আমার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে এতোদিন একটি শুন্যতা ছিল। হয়তো অনেক সমস্যাও ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি শিক্ষা ও গবেষনার পাশাপাশি সহ শিক্ষায়ও এগিয়ে নিতে চাই।’ ববি উপাচার্য আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করতেই আমি এসেছি। এজন্য বরিশালবাসীর সহযোগীতা চাই।
তিনি বলেন, এই মুহর্তে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা প্রথম কাজ। শেষন জটও দ্রুত নিরসন করতে হবে। অধ্যাপক ড. সাদেকুল বলেন, অসৎ লোকদের নিয়ে কাজ করতে চাই না। গনমাধ্যমকে সহায়ক শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, ববির গৌরব অক্ষুন্ন রাখতে ইতিবাচক সংবাদ তিনি কামনা করেন। ছাত্র রাজনীতি প্রসঙ্গে নবনিযুক্ত উপাচার্য বলেন, ছাত্রদের ছাত্ররাজনীতি থেকে দুরে রাখা ঠিক নয়।
যোগদানকালে ফুল গ্রহন না করা প্রসঙ্গে নবনিযুক্ত উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিন বলেন, তিনি চান ৪ বছর পর তাকে যেন সকলে ফুল দিয়ে বিদায় জানান। নবনিযুক্ত উপাচার্যের যোগদানকালে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
ক্যাম্পাসে ছাত্রলীগে হাতাহাতি:
নতুন ভিসির আসার খবরে বিকেল থেকেই ববি ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপ অবস্থান নেয়। এক পর্যায়ে স্থান দখলকে কেন্দ্রে করে ইমন, জিসান, আল আমিন গ্রুপের সাথে রিদম, রানা গ্রুপের হাতাহাতি বাধে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিক্ষকরা দুই পক্ষকে নিয়ন্ত্রনে আনেন।
২০১৯-১১-০৭
