নাগরিক রিপোর্ট ॥ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে নিজ দফতরে আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সব আইনি বাধ্যবাধকতা শেষ করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। আগামী সোমবার থেকে প্রসিকিউশন টিম কাজ শুরু করবে।
তিনি বলেন, সরকার দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা আগেই প্রসিকিউশন টিম গঠন করে রেখেছিলাম। তদন্ত শেষে চাজশিট আদালতে জমা দেওয়া হয়েছে। এখন প্রসিকিশন টিম কাজ শুরু করবে।
আনিসুল হক বলেন, মামলার বিচার শুরু করার আগে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনা না ঘটে এজন্য সরকার সচেষ্ট রয়েছে।
২০১৯-১১-১৩
