নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার ওটরায় নিখোঁজ এক যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ির পেছনের নির্জন স্থান থেকে যুবক কাউসার হোসেন (৩৫) এর কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ। কাউসার ওই এলাকার হালিম হাওলাদারের পুত্র। উজিরপুর থানা পুলিশ এ ঘটনাকে হত্যা বলে ধারনা করছে।
জানা গেছে নিহত কাউসার হোসেন চলতি বছরের জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার স্বজনরা বহু খুজেও খোজ পাননি। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কঙ্কালের সাথে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরা কাউসারের প্রায় ১ বছর নিখোঁজের বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ মানিব্যাগ সহ কিছু আলামত পাওয়া গেছে।
ওসি জিয়াউল বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পরে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। অধিকতর তদন্তের জন্য সিআইডি টিমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২০১৯-১২-০৫
