নাগরিক রিপোর্ট ॥ অজ্ঞাত পরিচয়ের দুই মাস বয়সী একটি পুত্রশিশু উদ্ধার করেছে বরিশালের উজিরপুর থানা পুলিশ। ৫০ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলাকালে শুক্রবার বিকাল ৪টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে তাদের হেফাজতে নিয়েছে। শিশুটির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। শিশুটি বর্তমানে শোলক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক সরদারের জিম্মায় রয়েছে।
উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামের বকুলী বেগম নামক এক নারীর কাছ থেকে শিশুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বকুলী ওই গ্রামের শহিদুল ইসলাম খানের স্ত্রী।
বকুলী বেগম পুলিশকে জানায়, সে প্রায় একমাস যাবত শিশুটিকে লালণ পালন করছে। তার নিকটাত্মীয় ফারুক হোসেন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল থেকে এনে তাকে লালন-পালন করতে দিয়েছে। বকুলী বেগমের দাবী, ঝালকাঠীর নলছিটি উপজেলার মগড় গ্রামের বাসিন্দা জামাল খানের খানের কাছ থেকে শিশুটিকে দত্তক এনেছে ফারুক হোসেন। শিশুটি বকুলী বেগমের বাড়িতে আনার পর অনেক লোক এসেছে দত্তক নেয়ার জন্য। এক পরিবারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রিরও কথাবর্তা চলছিল।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, গোপন সুত্রে শিশু বিক্রির খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে শিশুটিকে তাদের জিম্মায় আনেন। পরে ইউপি সদস্য নুরুল হক সরদারের কাছে দেয়া হয়। শিশুটির প্রকৃত বাবা-মা খোঁজ করা হচ্ছে। সন্ধান পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। অনথ্যায় আইনগত প্রক্রিয়ায় শিশুটির যাবতীয় ব্যবস্থা নেয়া হবে।
২০১৯-১২-২০
