নাগরিক রিপোর্ট ॥ বরিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় বিআরটিসি বাসের চাপায় নিহত হয়েছেন দুইজন। তারা হচ্ছেন- ইজিবাইক চালক সিদ্দিকুর রহমান (৫৫) ও ইজিবাইকের যাত্রী সংবাদপত্র বিক্রেতা লোকমান হোসেন (৩৭)। এছাড়া গাছের ডাল কাটতে গিয়ে এবং দেয়াল চাপা পড়ে আহত দুজন বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সাড়ে ৯টায় রহমতপুর বাজার সংলগ্ন কামিনী ফিলিং ষ্টেশনের সামনে বিআরটিসি বাস একটি ইজিবাইককে চাপা ধেয়। দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মাইনুদ্দিন জানান, কামিনি ফিলিং স্টেশনের পাশে একটি চায়ের দোকান থেকে চা পান করে একজন আরোহী নিয়ে ইজিবাইকটি রহমতপুরের দিকে যাচ্ছিলো। একই সময়ে বরিশালগামী বিআরটিসি’র একটি বাস ওই ইজিবাইকটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সংবাদপত্র বিক্রেতা লোকমান নিহত হন। স্থানীয়রা ইজিবাইকের চালক সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় বিআরটিসি’র বেপরোয়া বাসের বাম্পারও খুলে ঘটনাস্থলে পড়ে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম রহমতপুরে বাসের চাপায় ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সনাক্ত করে অভিযুক্তেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার অলংকারকাঠী গ্রামে শুক্রবার বিকালে গাছ কাটার সময় ডাল চাঁপা পড়ে আহত হন মিন্টু মিস্ত্রী নামক জনৈক ব্যক্তি। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু ঘটে। অপরদিকে শুক্রবার বিকালে পিরোজপুর জেলার কাউখালীতে পরিত্যাক্ত দেয়াল চাপায় আহত হন মোখলেস মিয়া। তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোকলেস মিয়া মারা যান। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
২০১৯-১২-২১
