নাগরিক রিপোর্ট: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় যাত্রীবাহী বাস ও জ্বালানী ট্যাংকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ২জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে একটি যাত্রীবাহী বাস (যশোর-ড ১১-০৪৪৮) সুরেস্বর দরবার শরীফ যাচ্ছিলো। বেলা সাড়ে ১২টার দিকে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা অতিক্রমকালে বাসটি আগে যাওয়ার জন্য টোলের উল্টোপাশের লেনে প্রবেশ করে। এ সময় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি জ্বালানীবাহী ট্যাংকারের (ঢাকা মেট্রো ১১- ২২০৬) সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ট্যাংকারটির পেছনে আরেকটি বাস (ফরিদপুর ব-০২২১) আঘাত করে।
দুর্ঘটনায় আহত হয় বাস ও ট্যাংকারের চালক ও হেলপার এবং যাত্রী সহ অন্তত ১৫জন। বাস দুটি এবং ট্যাংকারটি ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্যাংকার অপসারন করে বলে জানান উজিরপুর থানার এএসআই মো: মানিক।
২০২০-০২-০২
