নাগরিক রিপোর্ট: প্রানঘাতী করোনা ভাইরাস আক্রান্ত ২ রোগী সনাক্ত হওয়ার পরপরই বরিশাল জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। রোববার সন্ধ্যায় এক গনবিজ্ঞপ্তিতে এ ঘোষনা দিয়েছেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা ঝুকি মোকাবেলায় ‘করোনা ভাইরাস’ নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত এবং শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী সংক্রামক রোগ আইন ২০১৮ মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ কিংবা লকডাউন করা হল।
গনবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্ত: উপজেলা যাতায়েতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
লকডাউনের কারনে সব ধরনের গনপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা এর আওতাবহি:র্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ রোববার থেকে পরবর্তী নির্র্দেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে বলে জানান বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান।


