নাগরিক রিপোর্ট: বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩০ ঘণ্টার ব্যবধানে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের নমূনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (করোনা আক্রান্ত) এবং একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই ৩জন রোগী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পিরোজপুরের কাউখালীর বিয়ারঝুড়ি এলাকার এক বৃদ্ধ (৮০) মারা যান। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১৫ এপ্রিল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। মারা যাওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় তার নমূনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের করোনা ওয়ার্ডে বরগুনার বেতাগীর ফুলতলা এলাকার ৭২ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়। মারা যাওয়ার পর শুক্রবার রাতে পাওয়া তার নমূনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। একইদিন ভোর ৪টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন পটুয়াখালীর কলাপাড়ার এক নারী (৪০) মারা যান। ওইদিন রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। জ্বর-সর্দি-কাঁশি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬জনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগৈলঝাড়ার একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক এবং মেডিকেল কলেজের ৫ম বর্ষের এক ছাত্রকে বিশেষ ব্যবস্থায় শনিবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মেডিকেল কলেজের ছাত্রাবাসে এক ছাত্রের করোনা আক্রান্তের খবরে মেডিকেল কলেজের পেছনের গেট গতকাল শনিবার সকালে স্থানীয়রা বাঁশ-কাঠ দিয়ে আটকে দিয়েছে বলে জানা গেছে।
২০২০-০৪-১৮
