বরিশালে ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর বেসরকারী রয়েল সিটি হাসপাতালে সোমবার ভুল চিকিৎসায় এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোনিয়া আক্তার(২৪) নামে ওই গৃহবধুর সিজার হওয়ার পর ইনফেকশন হওয়ায় পুনরায় অপারেশন করাতে গেলে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। মৃত সোনিয়া ঝালকাঠির বিনয় কাঠী গ্রামের হাওলাদার বাড়ির মো: সাইফুল ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় গৃহবধু সোনিয়ার স্বজনরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে কোতয়ালী পুলিশ।
সোনিয়ার মা রহিমা বেগম জানিয়েছেন, এক মাস পূর্বে সোনিয়াকে রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক কন্যা সন্তনের জন্ম দেন সোনিয়া। ওই সময় মা-মেয়ে উভয়েই সুস্থ্য থাকলেও কিছু দিন পরে সোনিয়া সিজারিয়ানের জায়গাতে ব্যাথা অনুভব করে। গত ২৩ এপ্রিল তাকে পুনরায় রয়েল সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সনিয়াকে পুনরায় জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসক। সোনিয়ার মা বলেন, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার সোনিয়াকে পুনরায় অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। এসময় সেখানে ছিলেন রয়েল সিটি হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল বারি ও সার্জারী চিকিৎসক ডা. মনিরুল হাসান। অপারেশন টেবিলেই মৃত্যু হয় সোনিয়ার।
সোনিয়ার ভাই বাবুল হাওলাদার অভিযোগ করেন, অপারেশনের দীর্ঘ সময় পর চিকিৎসকরা বের হয়ে বলেন, ‘সোনিয়ার জ্ঞান ফিরছে না। শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।’ স্বজনরা সোনিয়াকে শেবাচিম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগী অনেক আগেই মারা গেছে বলে জানান।
এ নিয়ে মৃতর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, রয়েল সিটি হাসপাতালে সোনিয়া মারা যাওয়ার পরেও পরীক্ষা নিরিক্ষা বাবদ ১২ হাজার টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রæস্তুতি চলছে বলে জানান, নিহতের ভাই বাবুল হাওলাদার। এপ্রসঙ্গে জানতে রয়েল সিটি হাসপাতালে যোগাযোগ করলে কর্তৃপক্ষ কোন মন্তব্য করেননি।
এব্যপারে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, রয়েল সিটি হাসপাতালে সিজার করাতে গিয়ে গৃহবধুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় মৃত গৃহবধুর পরিবার থেকে অভিযোগ করেছেন। থানার একটি টিমও ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *