নাগরিক রিপোর্ট: স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত পরিসরে রোববার থেকে যাত্রীবাহি নৌযান ও সোমবার থেবে বাস চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর বরিশাল বিভাগে অভ্যন্তরীন রুটের যাত্রীবাহি লঞ্চ ও বাস টার্মিনালে আবার কোলাহল ফিরে এসেছে। শুক্রবার বরিশাল নৌবন্দর এবং রূপাতলী ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনালে আনা হয়েছে অভ্যন্তরীন রুটের লঞ্চ। বাস টার্মিনালে শ্রমিকরা বাসের ফিটনেস পরীক্ষা করছেন। ধোয়ামোছা করা হয়েছে বাস কাউন্টার।
নৌ ও বাস মালিক-শ্রমিকরা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত বহাল থাকলে রোববার ও সোমবার থেকে দক্ষিণাঞ্চলের সব নৌ ও সড়কপথে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যাত্রী পরিবহন শুরু হবে। তবে অভ্যন্তরীন রুটে সকল নৌ ও সড়কপথে কৌশলে ভাড়া বৃদ্ধির সম্ভবনা রয়েছে। শনিবার ৬ জেলার বাস মালিকরা নিজ নিজ জেলা প্রশাসনের সঙ্গে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও বিভাগের সবগুলো জেলায় বাস চলাচল শুরু করার প্রস্ততি চলছে। বাস চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং বিভাগীয় সড়ক পরিবহন কমিটির সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সড়কপথে যাত্রী পরিবহন করা যায়।
কাওছার হোসেন শিপন বলেন, যেহেতু সরকারি নির্দেশ মতো সীমিত পরিসরে অর্থাৎ ৫০ সিটের বাসে ২৫ জন যাত্রী পরিবহন করতে হবে সেকারনে ভাড়া না বাড়িয়ে কোন উপায় নেই।
বরিশাল অভ্যন্তরীন নৌ যাত্রী পরিবহন সংস্থার বরিশালের সাবেক সভাপতি মো. আজিজুল হক আক্কাস বলেন, দুরপাল্লা এবং অভ্যন্তরীন রুটে নৌযান চলাচলের প্রস্ততি নেয়া হচ্ছে। এজন্য শুক্রবার বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীন রুটে চলাচলকারী লঞ্চগুলো পন্টুনে এনে নোঙ্গর করা হয়েছে। চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনেই নৌপথে যাত্রী পরিবহন করা হবে।
বরিশাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মোল্লা বলেন, বাস শ্রমিকরা স্বাস্থ্য বিধি মানবেন। কিন্ত যাত্রীদের কতটা মানানো যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। যাত্রীদের স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন।
পিরোজপুর বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান বলেন, জেলার ৭টি রুটে রোববার থেকে বাস চালানোর প্রস্ততি নেয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসনের সঙ্গে সভায় যাত্রী পরিবহনের নীতি-পদ্ধতি এবং ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভাপতি মো: ইয়ামিন চৌধুরী বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রোববার থেকে লঞ্চ ও বাস চলাচল করবে। তিনি নৌযান এবং বাস মালিক-শ্রমিকদের প্রতি স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহনের আহŸান জানিয়ে বলেন, স্থানীয়ভাবে পরিবহন মালিক-শ্রমিকদের কোন নির্দেশনা দেয়া হবেনা।
২০২০-০৫-২৯
